জব্দকৃত সোনার মূল্য প্রায় ৩৫ কোটি ৭৭ লাখ টাকা বেনাপোলে ৭৩ কেজি স্বর্ণ উদ্বার: আটক পাচারকারী

এস.এম.মনির হোসেন জীবনঃ বেনাপোলের শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৭২ কেজি ৭৫৯ গ্রাম স্বর্ণসহ মহিউদ্দিন (৩৫) নামে এক স্বর্ণ পাচারকারী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা । আটক মহিউদ্দিন যশোর জেলার শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। যার মধ্যে ৬২৪টি স্বর্ণের বার রয়েছে। আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ কোটি ৭৭ লাখ টাকা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নারিকেল বাড়িয়া নামক স্থান থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাকে আটক করেন।
যশোর-৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক সোনা আটকের খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোপন সংবাদে জানা যায় চোরাকারবারীরা বিপুল পরিমাণ একটি স্বর্ণের চালান ভারতে পাচার করার প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে শিকারপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মুকুল হোসেন প্রামাণিকের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালায়। সীমান্তে মেইন পিলার-২৯ থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারিকেলবাড়িয়া নামক স্থানে পাচারের প্রাক্কালে ৬২৪টি বার ও একটি রামদাসহ মহিউদ্দিনকে আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্য চোরাকারবারীরা কৌশলে পালিয়ে যায়। আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩৫ কোটি ৭৭ লাখ টাকা। আটককৃতকে স্বর্ণ এবং রামদাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এঘটনায় স্বর্ণ চোরাচালান আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।