জরুরি নির্দেশনা অমান্যঃ নগরীর কুটুম্ববাড়িকে ৩০ হাজার জরিমানা

রাজিব শর্মা, চট্টগ্রামঃ সরকারি প্রজ্ঞাপনের নির্দেশনা অমান্য করে রেস্টুরেন্টে জনসমাগম সৃষ্টি ও গ্রাহকদের খাবার পরিবেশনের দায়ে নগরীর কুটুম্ববাড়ী (ওয়াশা শাখা) রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। কুটুম্ববাড়ি, আরএফএল ও অনান্য প্রতিষ্টানসহ মোট ২২ টি মামলায় ৪৬ হাজার ৮০০ টাকা অর্থদন্ড আদায় করেন। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদ আফরোজ নগরীর ওয়াসা মোড়ের কুটুম্ববাড়ী রেস্টুরেন্ট এ অভিযান পরিচালনা করেন। একই অভিযানে চকবাজার আরএফএল শোরুমকে ১ হাজার ও আরেকটি হোটেল খোলা রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, বৃহস্পতিবার জেলা প্রশাসনের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা কোতোয়ালী ও সদরঘাট এলাকায় ৮টি মামলা দায়ের করে ৩ হাজার ২০০ টাকা অর্থদন্ড আদায় করেন।

একই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইনামুল হাছান ডবলমুরিং এলাকায় অভিযান পরিচালনাকালে স্বাস্থ্যবিধি প্রতিপালন, জনসাধারণকে দিকনির্দেশনা এবং সচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম পাহাড়তলী এলাকায় অভিযান পরিচালনা করে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নির্দেশনা দেন। এ সময় ১ টি মামলায় ১ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী নগরীর কোর্ট বিল্ডিং, ফিরিঙ্গিবাজার, টেরিবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০টি মামলা দায়ের করেন এবং ৯ হাজার ৬০০ টাকা অর্থদন্ড আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান পতেঙ্গা, ইপিজেড ও বন্দর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনসাধারণকে নির্দেশনা দেন এবং মাস্ক বিতরণ করেন।