জাতিসংঘের কর্মকর্তাদের রাখাইন রাজ্য সফর বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের কর্মকর্তাদের রাখাইন রাজ্য সফর বাতিল করেছে মিয়ানমার সরকার। বৃহস্পতিবার জাতিসংঘের এক মুখপাত্র বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।

মিয়ানমারের সেনাবাহিনী ও চরমপন্থীদের নির্যাতন-হামলার মুখে গত ২৫ আগস্ট থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে। জাতিসংঘের হিসেবে এ পর্যন্ত ৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। এসব রোহিঙ্গা অভিযোগ করেছেন, মিয়ানমারের সেনাবাহিনী ও তাদের সমর্থিত চরমপন্থী বৌদ্ধরা রোহিঙ্গা গ্রামগুলোতে অগ্নিসংযোগ করছে। রোহিঙ্গাদের হত্যা-ধর্ষণ ও নির্যাতনের মাধ্যমে দেশত্যাগে বাধ্য করা হচ্ছে।

সম্প্রতি জাতিসংঘ রাখাইন রাজ্যের অবস্থা পর্যবেক্ষণে একটি প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছিল। বৃহস্পতিবার জাতিসংঘের পক্ষ থেকে এই সফর বাতিল ঘোষণা করা হয়।

জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, মিয়ানমার সরকার তাদের এই পদক্ষেপের পেছনে কোনো কারণ ব্যাখ্যা করেনি।