জাতীয় শোক দিবসকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছেঃ ডিএমপি কমিশনার

আন্তর্জাতিকঃ জাতীয় শোক দিবসকে ঘিরে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর এবং বনানী কবরস্থানসহ  রাজধানীর বিভিন্ন এলাকায় ‘নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা’ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বুধবার ধানমণ্ডি ৩২ নম্বরের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট এই ৩২ নম্বরেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বাংলাদেশে দিনটি পালিত হয় জাতীয় শোক দিবস হিসেবে।
বঙ্গবন্ধুকে তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় দাফন করা হলেও পরিবারের অন্য সদস্যদের ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়। এ কারণে ১৫ অগাস্টের সকালে দুই জায়গাতেই  শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি থাকে।
এ দুটি জায়গায় ক্লোজড সার্কিট ক্যামেরায় নজরদারি করা হবে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, এসব জায়গায় ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে।  থাকবে সাদা পোশাকের পুলিশ।
ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা প্রত্যেককে তল্লাশি করে ভেতরে ঢুকতে দেওয়া হবে। একইভাবে বনানী কবরস্থানেও আর্চওয়ে ও চেকপোস্ট থাকবে বলে জানান আছাদুজ্জামান মিয়া।
সবার নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “নিরাপত্তার জন্য প্রয়োজন সকলের আন্তরিক সহযোগিতা।”
পুলিশ কমিশনার বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে নগরজুড়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন কাঙালি ভোজ এবং দোয়া মাহফিলের আয়োজন করে। সেসব আয়োজনের নিরাপত্তার জন্যও ব্যবস্থা নিয়েছে পুলিশ।