কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ৯টি উপজেলায় ২৫৭টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা তৈরীতে বিতর্ক প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
বৃহস্পপতিবার (১২মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন ক্যাম্পাসে অবস্থিত উগগিরণ চত্বরে চুড়ান্ত প্রতিযোগিতায় হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে তারা বিজয় লাভ করে। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হয় বিজীত দলের দলনেতা হেপী খাতুন।
আয়োজকরা জানান, কুড়িগ্রাম জেলাকে ২০২১ সালের মধ্যে বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিতে জেলা প্রশাসন ও বেসরকারি সংগঠন আরডিআরএস বাংলাদেশ’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্প এই কর্মসূচি’র আয়োজন করে। বড় পরিসরে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রথমে উপজেলা ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীদেরকে নিয়ে জেলা পর্যায়ে তিনদিন ব্যাপী বিতর্ক আয়োজন করা হয়। চুড়ান্ত প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল, ‘‘জেন্ডার বৈষম্য দূরীকরণে শিক্ষার ভূমিকাই প্রধান।’’ প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন খ্যাতনামা বিতার্কিক অধ্যক্ষ রেজাউল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোছা: সুলতনা পারভীন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা সুলতানা, প্লান ইন্টারন্যাশনালের রংপুর ডিভিশনাল ম্যানেজার আশীষ কুমার বকসী, বিবিএফজি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।


