ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বী (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতের দিকে উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

রাব্বী ওই গ্রামের আব্দুল রহিম হাওলাদারের ছেলে।

নিহতের পরিবার জানায়, মঙ্গলবার রাতে দিনমজুর রাব্বী তাদের নতুন বাড়িতে রোপন করা গাছে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা রাব্বীকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অচিন্ত্য কুমার পাল বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।