ঝিনাইদহের পেঁয়াজের ব্যাম্পার ফলন, খুশি কৃষকেরা

৪ মাসের পরিচর্যা শেষে এখন ঝিনাইদহের মাঠে মাঠে পেঁয়াজ তোলার ধুম পড়েছে। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলার মাঠে মাঠে বেড়েছে কৃষকের ব্যস্ততা। আবহাওয়া অনুকূলে থাকা আর পরিমিত পরিচর্যার কারণে এবার ভালো ফলন পেয়েছেন এ অঞ্চলের কৃষকেরা। সেই সাথে বাজারে দাম ভালো পেয়ে এবারও লাভের মুখ দেখবেন তারা।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, চলতি রবি মৌসুমের ঝিনাইদহ জেলায় ১০ হাজার ৪শ ৭২ হেক্টরে পিয়াজ চাষ হয়েছে। এবার পিয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৭শ ৫০ মেট্টিক টন। এ বছর জেলায় লালতীর, তাহেরপুরী, লালতীর কিং, হাইব্রিডসহ নানা জাতের পিয়াজের আবাদ করা হয়েছে। বিঘা প্রতি জাত ভেদে ৭০ থেকে ৯০ মন পিয়াজের ফলন পাচ্ছেন তারা।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হিতামপুর গ্রামের এক কৃষক, আমি ৩ বিঘা জমিতে পিয়াজের আবাদ করেছি। এখন তোলা শুরু করেছি। ফলন মোটামুটি ৮০ মন করে হচ্ছে। বাজারে দামও ভালো যাচ্ছে। এতে করে আমরা খুশি।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার জানান, এ বছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পিয়াজের আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ১ হাজার ৮শ ২২ হেক্টর বেশি আবাদ করা হয়েছে। প্রাকৃতিক কোন দুর্যোগ না থাকায় এবার পিয়াজের বাম্পার ফলনের আশা করা যাচ্ছে। এ অবস্থায় ভালো দাম পেতে পরিপক্ক হওয়ার পর মাঠ থেকে পিয়াজ তুলে তা কিছুদিন সংরক্ষণ করে বিক্রি করলে কৃষক লাভবান হবেন।