ঝিনাইদহে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার কুলচারা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের পান্নাফ মোল্লা ও সেলিম বিশ্বাসের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

গতকাল সোমবার ওই গ্রামের পান্নাফের সমর্থক কেদার আলীর সঙ্গে সেলিমের সমর্থক মাহমুদ আলীর জমি কেনা-বেচা নিয়ে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।