ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

জেলা প্রতিবেদকঃ জমি নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার যাদবপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (০১ এপ্রিল) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, বেশকিছু দিন ধরে যাদবপুর গ্রামের জব্বার হোসেনের সঙ্গে একই গ্রামের উজ্জল হোসেনের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার সকালে উভয়পক্ষের মধ্যে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে নারীসহ উভয়পক্ষের অন্তুত ১৫ জন আহত হন।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়া থমথমে অবস্থা থাকায় সংর্ঘষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রাখা আছে। আর সংঘর্ষে আহতরা ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসাধীন।