টঙ্গীতে অজ্ঞাত যুবকের রহস্যজনক মৃত্যু

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর পাগাড় জামতলা এলাকার নুরুল হক সরকারের বাড়িতে বিদ্যুৎ স্পর্শে অজ্ঞাত (১৮) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মৃত্যু হয়েছে বলে জানা যায়।

স্থানীয় লোকজন জানায়, গতকাল ভোররাত ৪টার দিকে ওই এলাকার নুরুল হক সরকারের বাড়ির উপর দিয়ে প্রবাহিত বিদ্যুতের প্রধান তারে রহস্যজনক ভাবে জড়িয়ে পড়ে ওই যুবক। এতে তার শরীরের প্রায় ৯০ শতাংশ ঝলসে গিয়ে গুরুতর আহত হয় সে। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিকের ছেলে সজিব ও অনিক তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রেরণ করেন। পরে ঢামেকে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মারা যায় সে। এরির্পোট লেখা পর্যন্ত যুবকের নাম ঠিকানা পাওয়া যায়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাড়ির মালিক নুরুল হক সরকার জানান, আমার বাড়ির উপরে বিদ্যুতের মেইন লাইন রয়েছে। রাতে বাড়িতে চুরি করতে এসে মেইন তারে জড়িয়ে গুরুতর আহত হয় ওই যুবক। মানবিক কারনে আমার ছেলেরা তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। অপরিচিত এক মহিলা এসে সেই যুবককে তার ছেলে দাবি করছে। পরে ওই মহিলাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে লাশ সনাক্ত করার জন্য।

এ ব্যাপারে ঢাকা মেডিকেলে লাশের সাথে থাকা বাড়ির মালিকের ছেলে সজীব জানান, একজন মহিলা মেডিকেলে এসে তার ছেলে বলে লাশটি সনাক্ত করার পর শাহাবাগ থানায় একটি সাধারণ ডায়রী করে মেডিকেল থেকে লাশ নিয়ে আসছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঘটনাস্থল পরিদর্শণকারী টঙ্গী পূর্ব থানার এসআই শুভ মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে এবং টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে অজ্ঞাত ওই যুবককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানোর পর তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। বিষয়টি নিয়ে বাড়ির মালিক থানায় এসেছিলো। তবে এব্যাপারে কোন মামলা হয়নি। তদন্ত চলছে।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, যুবকটি ঢাকা মেডিকেলে মারা গেছে। এখনো মামলা হয়নি। যুবটির মাকে পাওয়া গেছে তবে নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত চলছে।