অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীর মাছিমপুর এলাকার নজরুলের বস্তি থেকে শীর্ষ ইয়াবা ব্যবসায়ি ও ছিনতাইকারী চক্রের প্রধান বৃষ্টি আক্তারকে (৩০) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃষ্টি ও তার স্বামী ওয়াসীমের নেতৃত্বে একটি চক্রের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ টঙ্গী ষ্টেশন রোডসহ আশপাশের এলাকায় ইয়াবা ব্যবসা ও ছিনতাই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এ চক্রের সদস্যদের বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম পরিচালনা করার একাধিক অভিযোগ রয়েছে এলাকাবাসীর। রাত ৯টার দিকে উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে বৃষ্টিকে গ্রেফতা করে পুলিশ। এ সময় পুলিশ তল্লাশী চালিয়ে তার হেফাজত থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। বৃষ্টিকে গ্রেফতারের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তির নি:শ্বাস ফিরে এসেছে। বৃষ্টি ও তার স্বামী ওয়াসিমের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, বৃষ্টির বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার (১৩, মার্চ) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


