টঙ্গীতে ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে অসত্য, বানোয়াট, ভিত্তিহীন তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়ে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ কর্মী আসাদ সিকদার। সোমবার দুপুরে স্থানীয় গুদারাঘাট এলাকায় তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আসাদ সিকদার লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর মহানগর শাখার সভাপতি মশিউর রহমান সরকার বাবুর কর্মী হয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। পাশাপাশি দীর্ঘাদিন যাবত জমি ও মসলার ব্যবসা করে আসছি। কিন্তু গত ২৪শে ফেব্রুয়ারী একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে আমার নামে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে। আমি প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, তার মায়ের ওয়ারিশ সম্পত্তি বিক্রি করে গত ১১ বছর আগে মরকুন এলাকায় সোয়া ১ কাটা জমি কিনে তিনতলা বাড়ি নির্মাণ করা হয়েছে এবং তিন কাটার একটি প্লটের কাজ  নির্মাণাধীনসহ ২ টি প্লট বায়না করা আছে। বর্তমানে ব্যাংক লোনসহ প্রায় অর্ধকোটি টাকা দেনা রয়েছে তার। দেনার টাকা ও অংশীদারদের কাছ থেকে টাকা নিয়ে জমি বায়না করা হয়েছে। একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা তথ্য দিয়ে ষড়যন্ত্রমূলক বানোয়াট সংবাদ পরিবেশন করিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, মরকুন গুদারাঘাট মসজিদের ইমাম মোহাম্মদ সাইফুল ইসলাম, ব্যবসায়ী দুলাল আহমেদ, দেলোয়ার হোসেন, বিল্লাহ হোসেন, লাভলুসহ এলাকার মুরব্বিরা।