অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে গতকাল সোমবার হিমারদিঘী এলাকায় নাজিমউদ্দিন টাওয়ারের স্প্রেকটার সোয়েটার কারখানায় বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্দ শ্রমিকরা। শ্রমিকরা জানায়, চলতি মাসের বকেয়া বেতনসহ শ্রমিকদের তিন মাস ও স্টাফদের ৫ মাসের বেতন কারখানা কর্তৃপক্ষের নিকট পাওনা রয়েছে। তারা বেতন চাইলে দেই-দিচ্ছি করে সময় পার করতে থাকে। এক পর্যায়ে মালিক পক্ষের লোকজন শ্রমিকদের সাথে খারাপ আচরন করে বিনা নোটিশে তাদেরকে কারখানা থেকে বের করে দেয়। এতে শ্রমিকরা অতিষ্ঠ ও বিক্ষুব্দ হয়ে সোমবার সকাল থেকে কারখানায় কর্মবিরতি পালন করে এবং দুপুরে প্রায় ৮ শত শ্রমিক একত্রিত হয়ে তিস্তারগেট (হিমারদিঘী) এলাকায় শাখা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সমাধান করার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয় এবং কারখানার গেটে অবস্থান করে। এসময় পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে শিল্প পুলিশ ও টঙ্গী পুর্ব থানা পুলিশ কারখানার ভিতরে ও আশ-পাশে অবস্থান করেছে।
তারা আরও জানান, এই কারখানার নাম শোনলে এলাকার বাড়ির মালিকরা ঘর ভাড়া ও দোকানদানরা বাকি দিতে চায়না। বেতন না দেয়ায় বাড়ি ভাড়া দিতে পারতেছিনা, বাড়ির ভাড়ার জন্য বাড়ির মালিকরা আমাদের সাথে খারাপ আচরন করছে। আমরা খেয়ে না খেয়ে খুব কষ্ট করে কাজ করছি।
কারখানার পরিচালক মো. মনজুরুল আজম বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি মিমাংশার চেষ্টা করছি। বিষয়টি সমাধানে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা প্রয়োজন।
স্থানীয় কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরু জানান, কারখানায় শ্রমিকদের বেতন নিয়ে একটু সমস্য হচ্ছে, থানা ও শিল্প পুলিশ বিষয়টি মিমাংশা করছে।


