টঙ্গীতে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশতাধিক তুলার গুদাম ভস্মীভূত

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মহানগরীর টঙ্গী মিলগেইট নামাবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশতাধিক তুলার গুদাম ভস্মীভূত হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল শনিবার দুপুর সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মূহূর্তের মধ্যে আগুন আশপাশের তুলার গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও পূর্বাচল ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় সাড়ে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত গোডাউন মালিকরা।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সোয়া ১২টার দিকে তুসুকা ফ্যাশন গার্মেন্টের পাশের একটি বৈদ্যুতিক খুটির তারে আগুন লাগে। এর কিছুক্ষণ পরই তুলার গুদামপট্টি সংলগ্ন আরেকটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে আগুনের ফুলকি গোডাউনের উপর ছিটকে পড়ে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা তুলার গুদামগুলোতে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রায় সাড়ে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন ফায়ার সার্ভিসকর্মীরা। ততক্ষনে অর্ধশতাধিক তুলার গোডাউনে রক্ষিত তুলা, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জামাদি পুড়ে ছাঁই হয়ে যায়। এর আগে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে ডেসকোর পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল বলে জানায় এলাকাবাসী।

আগুনে ক্ষতিগ্রস্ত এ বি এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ বাশার মিয়া কান্না জড়িত কন্ঠে বলেন, বিভিন্ন জনের কাছ থেকে ধার-দেনা করে ব্যবসা চালাচ্ছি। আগুনে মেশিনপত্র, রক্ষিত তুলা ও গোডাউনের আসবাব পত্রসহ আমার প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি আমি কিভাবে পূরন করব তা বুঝে উঠতে পারছিনা। প্রতি বছর এই সময়ে তুলার গুদামে দুই, তিনবার অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলেও জানান বাশার মিয়া।

ফায়ার সার্ভিসের জোন কমান্ডার (টঙ্গী-উত্তরা) মো. মানিকুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এই মূহূর্তে ডাম্পিংয়ের কাজ করা হচ্ছে। আগুন যেন তুলার গুাদাম থেকে বস্তিতে ছড়িয়ে না পড়ে সেজন্য বিশেষভাবে তৎপর ছিলো ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ক্ষয়ক্ষয়তির পরিমান ও আগুন লাগার কারণ তদন্তের পরই জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।