টঙ্গীতে স্টিল মিলে লোহার ব্লেডের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ টঙ্গীর মিলগেট এলাকায় এসএস স্টিল মিলে লোহার ব্লেডের নিচে চাপা পড়ে কাশেম হক (৩০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইসমাইল নামের আরও এক শ্রমিক আহত হয়েছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত কাশেম সিলেট জেলার বিশ্বনাথ থানার মান্দারুকা গ্রামের মৃত মোফাজ্জল হকের ছেলে।

কাসেমের স্ত্রী পেয়ারা বেগম জানান, কাসেম তার স্ত্রীকে নিয়ে মিলগেট লাল মসজিদ বস্তির মৃত ইসমাইল হোসেনের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতো। এ সুবাদে সে এসএস স্টিল মিলে রড বাইন্ডিং শ্রমিক হিসেবে কাজ করে আসছে। প্রতি দিনের ন্যায় গত রোববার রাতে কাজে যায় কাসেম। সেসহ আরও শ্রমিকরা লোহার ব্লেডের গোদাম ঘরে কাজ করছিল। ভোর সাড়ে ৫টার দিকে নিরাপত্তাহীন ভাবে রাখা সারিবদ্ধ কয়েক টন ওজনের সিসিএম ব্লেড আচমকা কাসেমের উপর পরে যায়। এতে মাথা থেতলে মগজ ও পেটের নাড়িভুড়ি বেরিয়ে গিয়ে ঘটনাস্থালেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় ইসমাইল নামের অপর এক শ্রমিক আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে পুলিশ। টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম) থোয়াই অং প্রæ মারমা ও টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, এসএস ষ্টিল মিল কারখানায় অব্যবস্থাপনা ও নিরাপত্তার অভাবে প্রায়ই দূর্ঘটনা ঘটে। এতে সাধারণ শ্রমিকদের মধ্যে কেউ পঙ্গুত্ব বরণ করে, কেউ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আবার ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়ে কেউ চলে যায় না ফেরার দেশে।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদুল হক জনান, নিহতের লাশ উদ্ধার মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।