টঙ্গীতে ১৫০টি ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকা থেকে ১৫০টি ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- টাঙ্গাইলের গোপালপুর থানার চক কাশি এলাকার আব্দুল মালেকের ছেলে মো. সবুজ মিয়া (২১) ও ময়মনসিংহের ত্রিশাল থানার বাওয়ালিয়া পাড়া এলাকার মৃত জবান আলীর ছেলে মো. সুলতান মিয়া (৩২)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-মিডিয়া) আসাদুজ্জামান বলেন, টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় বাসা ভাড়া থাকেন সবুজ ও সুলতান। সেখানে থেকে তারা মাদক বিক্রি করতো। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।