অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে ৩ দফা দাবীতে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলা ট্রাক ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। রবিবার সকাল ১১ টায় টঙ্গীর চেরাগআলী ট্রাকষ্ট্যান্ড এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষাভ মিছিলটি চেরাগআলী ট্রাকষ্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিন করে পূণরায় ট্রাকষ্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে গাজীপুর জেলা ট্রাক ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি হাজী আব্দুর রশিদ বলেন, করোনা কালে সকল ধরনের পরিবহন বন্ধ থাকায় আমরা পরিবহন শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছি। সরকারের কাছে আমাদের দাবী, স্বাস্থ্যবিধি মেনে গনপরিবহন ও পণ্য পরিবহন চালু করতে হবে, সরকারি ভাবে অনুদান ও খাদ্য সহযোগিতা করতে হবে, পরিবহন শ্রমিকদের মাঝে ১০ টাকা কেজি চাউল বিক্রির ব্যবস্থা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ট্রাক ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুদু মিয়া, সাংগঠনিক সম্পাদক তোতা মিয়া, সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমসহ গনপরিবহন ও পণ্যপরিবহনের শ্রমিকবৃন্দ।


