গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) সিহাব মিয়া (১৬) নাম এক কিশোর অপরাধীর মৃত্যু হয়েছে। সিহাব মিয়া ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর ভুইঁয়া পাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে।
শনিবার (১০ জুলাই) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার মো. হেলাল উদ্দিন জানান, শনিবার মাগরিবের নামাজের পর সেফ হোমে দুই নিবাসীর মধ্যে মারামারি ঘটনা ঘটে। ওই সময় সিহাব মিয়া জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিহাব মিয়াকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়ায় চুরির মামলায় সাহাব মিয়া গত ৫ মে থেকে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে সেফ হোমে ছিল।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, দুই নিবাসীর মধ্যে মারামারির সময় একজন সিহাবের বুকে ঘুষি দেয়। এতে সিহাব মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে শহীদ আহসান উল্লাাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিহাবকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


