টেক্সাসে বন্যাকবিলত হিউস্টন শহরে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে টেক্সাস রাজ্যের বন্যাকবিলত হিউস্টন শহরে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, হিউস্টনের ক্রোস্বি এলাকায় আরকেমা রাসায়নিক কেন্দ্রে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর রাসায়নিক কেন্দ্র থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।

বিস্ফোরণের পর অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নেভাতে কাজ করছে। তবে কর্তৃপক্ষ বলছে, বিস্ফোরণের পর সেখানে কয়েকজন কর্মী আটকা পড়েছে। তাদের অবস্থা সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

হারিকেন হার্ভের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের কারণে আরকেমা রাসায়নিক কেন্দ্রের রাসায়নিক দ্রব্য রক্ষা করা সম্ভব হয়নি। সেখানে রাসায়নিক দ্রব্য ঠান্ডা রাখার প্রয়োজন হয়। যে কারণে এর আগেই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ সতর্ক করে বলেছিল, বিস্ফোরণ এড়ানোর কোনো সুযোগ আর নেই।

হারিকেন হার্ভের আঘাতে এবং এর প্রভাবে প্রচণ্ড বৃষ্টি ও বন্যায় এ পর্যন্ত ৩৩ জন মারা গেছে। কয়েক দিন ধরে টেক্সাসে টানা বৃষ্টিপাতের পর এখন হারিকেন হার্ভে লঘুচাপে পরিণত হয়েছে। তবে আগামী তিন দিন লুসিয়ানা ও কেনটাকিতে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অফিস।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন