ট্রাক্টরের ধাক্কায় বাইকার নিহত

নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় মোস্তাফিজুর রহমান (৩৪) নামে এক মোটরসাইকেলআরোহীর (বাইকার) মৃত্যু হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোস্তাফিজুর রহমান শহরের উকিল পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে মোস্তাফিজুর রহমান মোটরসাইকেল নিয়ে বদলগাছী উপজেলা থেকে নওগাঁ শহরের দিকে আসছিলেন।

পথে নওগাঁ-বদলগাছি সড়কের কীর্তিপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই মোস্তাফিজুরের মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।