আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি আন্তরিক চিঠি লিখেছেন বলে হোয়াইট হাউস সোমবার জানিয়েছে। চিঠিতে কিম ট্রাম্পের সঙ্গে নতুন সম্মেলনে বসতে আগ্রহ প্রকাশ করেছেন। এই সম্মেলনটি হবে আগের সম্মেলনের ফলো-আপ। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইতোমধ্যে দুই নেতার মধ্যে নতুন সম্মেলন আয়োজনের জন্য সময় খুঁজছে। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানান, ওই ‘আন্তরিক চিঠি’তে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণে পিয়ংইয়ংয়ের প্রতিশ্রুতি যে চলমান তা প্রকাশ পায়। স্যান্ডার্স বলেন, ‘ওই চিঠির প্রাথমিক উদ্দেশ্য হলো প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে নতুন বৈঠকের জন্য অনুরোধ ও সময় বের করা, যা আমরা করতে আগ্রহী এবং ইতোমধ্যে এ বিষয়ে সহযোগিতা করার জন্য প্রক্রিয়া শুরু করেছি।’ তবে ঠিক কখন এই দুই নেতার মধ্যে পরবর্তী সম্মেলন অনুষ্ঠান হবে সে বিষয়ে তারা এখনো কিছু জানায়নি। গত জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠকের পর উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা শ্লথ হয়ে পড়ে।
তথ্য : বিবিসি


