আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন দাবির পক্ষে-বিপক্ষে যুক্তরাষ্ট্রে র্যালি-মিছিল হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দুই দিন আগে রোববার প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন দাবি করে হাজার হাজার লোক রাস্তায় র্যালি বের করে। তারা অভিশংসন প্রক্রিয়া শুরু করার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানায়। তারা রোববারের তাদের র্যালির নাম দেয় ‘অভিশংসন পদযাত্রা’।
লস অ্যাঞ্জেলেসে ট্রাম্পকে অভিশংসনের দাবিতে একটি কালো কফিন নিয়ে র্যালি করে বিক্ষোভকারীরা। লাল, সাদা ও নীল রঙের ফুলে সজ্জিত কফিনে হাতে লেখা আছে ‘দ্য প্রেসিডেন্সি ১৭৮৯-২০১৭’।
টেক্সাসের অস্টিনে বিক্ষোভকারীরা রাজ্যের ক্যাপিটল থেকে সিটি হল পর্যন্ত র্যালি করে। সেখানে তাদের সঙ্গে ট্রাম্পসমর্থকদের ধাক্কাধাক্কি হয়।
সান ফ্রান্সিসকোতে ট্রাম্পবিরোধীরা স্লোগান দিয়ে বলে, ‘আমরা কি চাই? অভিশংসন। আমরা কখন এটি চাই? এখনই।’
রোববার ট্রাম্পবিরোধী র্যালিতে ছিলেন গত ১৭ মে তার অভিশংসনের প্রথম দাবি তোলা রিপাবলিকান আল গ্রিন। অস্টিনে তিনি বলেন, ‘আমি আজ এখানে এসেছি কারণ আমি আমার দেশকে ভালোবাসি। সৃষ্টিকর্তা আমেরিকার সহায় হোন।’
এদিকে, ট্রাম্পের এক সমর্থক জেক লয়েড বলেন, ‘এই মুহূর্তে প্রেসিডেন্টকে অভিশংসন করার মতো কোনো কারণই নেই। আমরা মনে হয় না, তারা বোঝে- অভিশংসন কাকে বলে।’
তথ্যসূত্র : বিবিসি


