আন্তর্জাতিক ডেস্ক :শুক্রবার সাংবাদিক মাইকেল ওলফের লেখা ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ’বইটি প্রকাশ হয়। হোয়াইট হাউজের প্রায় ২০০ ব্যক্তির সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে লেখা বইটিতে ওলফ দাবি করেছেন, মানসিক স্বাস্থ্য নিয়ে ট্রাম্পের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেই সন্দেহ আছে। তাদের সঙ্গে আলাপকালে ওলফ ট্রাম্পের ‘শিশুসুলভ’ চরিত্রের ধারণা পেয়েছেন বলেও মন্তব্য করেছেন। ‘তিনি (ট্রাম্প) তাৎক্ষণিক সন্তুষ্টি চান। কোনো কিছু পড়েন না, শুনতেও চান না’ বলে লিখেছেন ওলফ।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে তার মনে কখনোই প্রশ্ন জাগেনি। সদ্য প্রকাশিত আলোচিত একটি বইয়ে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠার পর প্রথমবারের মতো হোয়াইট হাউজের কোনো শীর্ষ কর্মকর্তা প্রেসিডেন্টের পক্ষে শক্ত অবস্থান নিলেন।
শুক্রবার টিলারসন সিএনএনকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্য নিয়ে তার কখনোই সন্দেহ ছিল না।
তিনি বলেন, ‘তার মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই । ট্রাম্প যে অতীতের তথাকথিত প্রেসিডেন্টদের মতো নন, এটা স্বীকৃত বলেই ধারণা করছি। এ কারণেই মার্কিন জনগণ তাকে পছন্দ করেছে।’


