আন্তর্জাতিক ডেস্ক : বিবিসি জানিয়েছে, রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা জন বোল্টন কয়েক সপ্তাহের মধ্যে ট্রাম্প ও পুতিনের বৈঠক অনুষ্ঠানের বিষয়ে নিশ্চিত করেন।
অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ সম্মেলন আয়োজনে সম্মত হয়েছে ওয়াশিংটন ও মস্কো। শিগগিরই এ বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।
গত বছরের নভেম্বরে ভিয়েতনামে এশিয়া-প্যাসিফিক সম্মেলনের ফাঁকে এই দুই নেতার মধ্যে সর্বশেষ কথা হয়েছিল। এরপর দুই নেতার শীর্ষ বৈঠকের কথা বলা হলেও বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে ছিল।
মস্কোতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠকের পর বুধবার এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়।

এর আগে ক্রেমলিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানান, আলোচনার ভিত্তিতে দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে তৃতীয় কোনো দেশে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সুনির্দিষ্ট তারিখ ও স্থান বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হবে।
প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন, ব্রাসেলসে আগামী মাসে ন্যাটো সম্মেলনের পর ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে পুতিনের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে বৈঠকে সিরিয়ার যুদ্ধ এবং ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জন বোল্টনের সঙ্গে বৈঠক দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারে আশা জাগিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো অবস্থায় নেই বলেও স্বীকার করেন তিনি।
তবে মস্কো কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব চায়নি বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব দুই দেশের মধ্যকার সম্পর্কের অবনতির জন্য দায়ী বলেও মন্তব্য করেন পুতিন।


