আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার বিশ্বের বৃহত্তম মুসলিম দেশটির প্রায় ৮০ হাজার লোক এ বিক্ষোভে অংশ নিয়েছে।
গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এককভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এর প্রতিবাদে রোববার চতুর্থবারের মতো মার্কিন দূতাবাস অভিমূখে বিক্ষোভ র্যালি করেছে ইন্দোনেশীয়রা।
আল-জাজিরা অনলাইন জানিয়েছে, এই বিক্ষোভে র্যালিতে অংশগ্রহণ ও ফিলিস্তিনি জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে অনেক বিক্ষোভকারী শহরের বাইরে থেকে জাকার্তায় এসে সমবেত হয়েছিল। রোববার সূর্যোদয়ের পর নারী-পুরুষ-শিশুরা ফিলিস্তিনি পতাকা ও তাদের পক্ষে ব্যানার নিয়ে জাকার্তার ন্যাশনাল মনুমেন্ট পার্ক থেকে মার্কিন দূতাবাস অভিমূখে যাত্রা করে।
বিক্ষোভে অংশ নেওয়া ইন্দোনেশিয়ার ওলামা কাউন্সিলের শীর্ষ গবেষক আনোয়ার আব্বাস সমাবেশে মার্কিন পণ্য বর্জনের আহ্বান জানান।
জাকার্তা পুলিশের মুখপাত্র আরগো ইউউনো জানিয়েছেন, বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে তিন কিলোমিটার পথ র্যালি করেছে।
স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিক্ষোভকারীদের সংখ্যা ছিল পুলিশের ধারণার চাইতে দ্বিগুন। বিক্ষোভ এলাকায় নিরাপত্তা বাহিনীর প্রায় ২০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছিল।


