ট্রাম্প টাওয়ারে যে বৈঠক করেছিল তা আগেই জানতেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেন দাবি করেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা শিবিরে সাইবার হামলার প্রস্তাব নিয়ে রাশিয়ানরা নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে যে বৈঠক করেছিল তা আগেই জানতেন ট্রাম্প। অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

২০১৭ সালের জুলাইয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস প্রথম জানায়, হিলারি প্রচারণা শিবিরে সাইবার হামলা চালানোর প্রস্তাব্ নিয়ে ট্রাম্প টাওয়ারে ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও অন্যদের সঙ্গে কয়েকজন রাশিয়ানের বৈঠক হয়েছিল। অবশ্য ট্রাম্প জুনিয়র, তাদের আইনজীবী ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা দাবি করেছিলেন, ওই বৈঠকের বিষয়ে ট্রাম্প কিছুই জানতেন না। এমনকি ট্রাম্প নিজেও দাবি করেছেন, এ বিষয়ে তিনি কিছুই জানতেন না।

কোহেন দাবি করেছেন, ট্রাম্প জুনিয়র যখন তার বাবাকে রাশিয়ানদের প্রস্তাবের বিষয়টি অবহিত করছিলেন তখন অন্যদের সঙ্গে তিনিও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। ট্রাম্প রাশিয়ানদের সঙ্গে বৈঠক করার অনুমতি দিয়েছিলেন।

কোহেন জানিয়েছেন, তার এই দাবির স্বপক্ষে অডিও রেকর্ডিং বা এ জাতীয় কোনো প্রমাণ নেই। তবে তিনি তার বিবৃতি সত্যায়ন করতে রাজী আছেন।

কোহেনের এই দাবি নাকচ করে দিয়ে ট্রাম্পের বর্তমান আইনজীবী রুডি গিউলিয়ানি বলেছেন, ‘তাকে বিশ্বাস করা যায় না। সে কি করে বিশ্বাসযোগ্যতা পাচ্ছে তা আমি বুঝতে পারছি না।’