মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ নিখোঁজের ২ দিন পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধানক্ষেত থেকে জামাল উদ্দীন (৪৫) নামে এক ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
আজ বুধবার দুপুরে (৮ সেপ্টেম্বর) বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সর্বমঙ্গলা গ্রামের পাঁচপীর নামক স্থানের নুর ইসলামের ধানক্ষেত থেকে এ অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়ছে। সর্বমঙ্গলা গ্রামের নুর ইসলাম তার নিজের ধানক্ষেতে স্প্রে দিতে গিয়ে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানান।
ভ্যান চালক জামাল উদ্দীন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের পাহাড়গাঁও গ্রামের মুনসুর আলীর ছেলে। তাঁর স্ত্রী হামানুর বেগম বলেন, গত সোমবার সকালে বাড়ী থেকে বের হয় তার স্বামী জামাল উদ্দিন।সে দিন থেকে আর বাড়ী ফিরে আসেনি। খবর পেলাম তাঁর মরদেহ বালিয়াডাঙ্গীতে ধানক্ষেতে পাওয়া গেছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুস সবুর বলেন, পিবিআই ও সিআইডির উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থর পরিদর্শন শেষে লাশের পরিচয় বের করেছেন। ভ্যানচালকের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘটনার রহস্য উন্মোচনে ময়না তদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।


