মোঃ আবু সুফিয়ান বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জব্দ করা খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ৬৮ বস্তা চাল জব্দ করার ২বছর পর নিলামে বিক্রি হতে যাচ্ছে। মহামারী করোনাভাইরাসের সময়ে ঘটে যাওয়া চাল কেলেঙ্কারির ঘটনাটি এই নিলামের মাধ্যমে সমাপ্তি হতে যাচ্ছে।
আসছে আগামী ৬ এপ্রিল বালিয়াডাঙ্গী উপজেলার খাদ্যগুদামে নিলাম কার্যক্রম শুরু হবে। শনিবার উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ২০২০ সালের এপ্রিলে অবৈধ ভাবে বিক্রির জন্য বাজারে নেওয়ার সময় বড়পলাশবাড়ী ইউনিয়নের দুই শ্যালো ইঞ্জিন চালিত নছিমন গাড়ীর চালকসহ খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ৬৮ বস্তা চাল জব্দ করেন তৎকালীন ইউএনও খায়রুল আলম সুমন।
পরে ঘটনাস্থলে আটক নছিমনচালক কাউসার পান্নাকে জিজ্ঞাসাবাদের পর স্থানীয় ওএমএস ডিলার আমিরুল ইসলামের ৩টি গুদাম থেকে আরও ৮৮৯ বস্তা চাল জব্দ করা হয়েছিল।
ওই ঘটনায় বালিয়াডাঙ্গী উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মণ বাদী হয়ে বড়পলাশবাড়ী ইউনিয়নের ওএমএস ডিলার আমিরুল ইসলাম ও তাঁর স্ত্রী কুলকুমা আক্তার ও ভাই সামিরুল ইসলাম, জমিরুল ইসলাম, ৭নং আমজানখোর ইউনিয়নের ওএমএসের ডিলার আব্দুর রশিদ ও নছিমনচালক পান্না কাউসারের বিরুদ্ধে মামলা করেন।
এর সঙ্গে আমজানখোর ইউনিয়নের ওএমএস ডিলার আব্দুর রশিদের ডিলারশিপ বাতিল করা হয়। সাক্ষ্যপ্রমাণের অভাবে গুদামের জব্দ করা ৮৮৯ বস্তা চাল ফেরত পান ডিলার আমিরুল ইসলাম। অপর দিকে রাস্তায় ২টি নছিমন থেকে উদ্ধারকৃত অবশিষ্ট ৬৮ বস্তা চাল খাদ্যগুদামে জমা রাখা হয়।
উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র জানিয়েছেন, চালগুলো গত দুই বছর গুদামে পড়ে থাকায় নষ্ট হওয়ার পথে। তাই উক্ত চাল আগামী ৬ এপ্রিল প্রকাশ্যে নিলামে বিক্রয় করা হবে এবং চাল বিক্রয়ের টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।


