আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দায়িত্বে অবহেলা ও অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। নির্ধারিত সময় অনুযায়ী প্রতিদিন সকাল ৯টায় কেন্দ্রটি চালু হওয়ার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (স্যাকমো) শিমু সিকদার নিয়মিত দেরিতে অফিসে আসেন। অনেক সময় নির্ধারিত সময়ে তাকে কেন্দ্রে পাওয়া যায় না। ফলে সকাল থেকেই চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, সকালবেলা স্বাস্থ্যসেবা নিতে এসে তারা প্রায়ই কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর উপস্থিতি পান না। এতে করে বিশেষ করে শিশু ও নারী রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জরুরি সেবা পেতে বিলম্ব হওয়ায় অনেকেই বাধ্য হয়ে বিকল্প চিকিৎসা নিতে যাচ্ছেন।
স্থানীয়দের আরও অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের উপরতলায় থাকার সুবিধা কাজে লাগিয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ইচ্ছামতো অফিসে আসা-যাওয়া করেন, যা সরকারি সেবার মানকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এতে করে স্বাস্থ্যসেবা কার্যক্রমে শৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সবুজ মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোরশেদ সজীব বলেন, “অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


