ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বালুবোঝাই ট্রাক্টর দুই খণ্ড হয়ে খালে

মোঃ জয়নাল আবেদিন রুহিয়া থানা (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি ট্রাক্টর দুই খণ্ড হয়ে ছিটকে পড়েছে খালে।
আজ সোমবার(১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের আখানগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন, সদর থানার ওসি তানভিরুল ইসলাম।
তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, বালুভর্তি একটি ট্রাক্টর আখানগর রেলক্রসিং পার হওয়ার সময় চাকা আটকে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা  পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস তাকে ধাক্কা দেয়।এতে ট্রাক্টরটি দ্বি-খণ্ডিত হয়ে রেললাইনের দুই দিকে ছিটকে পড়ে।
তাছাড়া ট্রাক্টরের ইঞ্জিনের অংশ ডোবায় পড়ে যায় । এতে ট্রেনেরও সামান্য ক্ষতি হয়েছে তবে এ ঘটনায় কোন প্রকার হতাহত হয়নি। এতে প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি গন্তব্যেপথে ছেড়ে যায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক্টরটি পুলিশ থানায় নিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সদর থানার ওসি।
চিলারং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, ট্রেন আসার আগেই ট্রাক্টরের চালক ও সহকারী নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি।