মোঃ জয়নাল আবেদিন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, তথ্য প্রদানে বাধা ও হয়রানি বন্ধ, এবং সাংবাদিক তানভীর হাসান তানু, আব্দুল লতিফ লিটু ও রহিম শুভর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সচেতন মহল।
আজ সোমবার (১৯ জুলাই) দুপুর ১২টায় ঠাকুরগাঁও সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে,প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন সমাবেশ চলে। উক্ত মানববন্ধন ও সমাবেশে সচেতন নাগরিকসহ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক মাহাবুব আলম রুবেল, ঠাকুরগাঁও নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবু মহিউদ্দীন, সাংবাদিক মজিবর রহমান খাঁন, তানভির হাসান তানু, আব্দুল লতিফ লিটু, পার্থ সারথী দাস, জিয়াউর রহমান বকুল, ঠাকুরগাঁও ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দীক প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লেখার কারনে, তরুন সাংবাদিক তানভীর হাসান তানুসহ অন্যান্য সাংবাদিকদের নামে ডিজিটাল অ্যাক্টে মামলা দায়ের অত্যন্ত ন্যক্কারজনক।
সংবাদে প্রচারিত, হাসপাতালের রোগীর খাবার নিয়ে দুর্নীতির বিষয়টি প্রমাণিত হলেও সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে,উল্টো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে।
এসময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ দেশের সকল সাংবাদিকদেররনামে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান সমাবেশে অংশ নেয়া বক্তারা।


