মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ করোনার টিকা নেওয়ার ৩০ মিনিটের মধ্যেই এক নারীর মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় ওই নারী।
মৃত ওই নারীর নাম মোমিনা বেগম (৫৫)। মৃত মোমিনা বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী এলাকার মৃত গফুর উদ্দিনের স্ত্রী।
তার মেয়ের স্বামী আব্দুস সামাদ জানান, তার শাশুড়ি মোমিনা বেগম বেলা সাড়ে ১১ টায় বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা প্রদান বুথ থেকে সিনোফার্মার দ্বিতীয় ডোজ টিকা নেন।
টিকা নিয়ে মোটরসাইকেলের পেছনে করে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার শাশুড়ি।
এসময় তাকে আবারও বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার
জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
কিন্তু তার আগেই বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগেই মারা যান তার শাশুড়ি মোমিনা বেগম।
এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল কাশেম বলেন, টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় নয়, ব্রেইন স্ট্রোকে মারা গেছেন ওই নারী। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে ওই নারীর উচ্চ রক্তচাপের সমস্যা ছিল।


