মোঃ নাজমুল আলম, ডোমার।( নীলফামারী): মুজিববর্ষ উপলক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘরে বসবাসকারী ৩৭টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে রাস্তা না থাকার কারণে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তারা।
ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খাটুরিয়া গ্রামের ডাঙ্গাপাড়া দীঘির পাড় এলাকায় অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী পরিবারগুলোর একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েন তারা। এতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের।
এখানকার বাসিন্দারা অভিযোগ করেন, এখানে আশ্রয়ণ প্রকল্পের ৩৭টি পরিবারসহ ৪৬টি পরিবার গত পাঁচমাস যাবৎ বসবাস করে আসছে। তারা মৃত কুদ্দুস আলীর জমির উপর দিয়ে চলাচল করে। হঠাৎ এক সপ্তাহ আগে জমির মালিক তাদের জমিতে বাঁশের বেড়া লাগিয়ে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়। এতে অসুবিধায় পড়েছেন প্রকল্পের বাসিন্দারা। রাস্তা বন্ধ করার ফলে বাসিন্দারা তাদের ভ্যান ও অটোভ্যান নিয়ে বের হতে না পারায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে।
আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ভ্যানচালক আব্দুর রাজ্জাক বলেন, গত এক সপ্তাহ ধরে উপার্জনের একমাত্র মাধ্যম ভ্যানগাড়ি বের করতে না পারায় পরিবারের ১২ জন সদস্য নিয়ে এক বেলা খেয়ে দিন কাটাচ্ছি। রাস্তা না থাকলে এই বাড়ির কোনো মূল্য নেই। আমাদের একটাই দাবি এখানে রাস্তা করে দেওয়া হোক।
তসকিনা বেগম অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী খুশি করে আমাদের ঘর দিয়েছেন আমরা খুশি হয়েই তা গ্রহণ করেছি। এখন রাস্তা না থাকায় আমরা ভোগান্তিতে পড়েছি। যদি রাস্তা না থাকে তবে এই ঘর থেকে কী হবে?
এবিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করে সমস্যা নিরসন করতে ব্যবস্থা গ্রহণ করবো।


