ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিবেদকঃ সারাদেশে ডাকা হেফাজত ইসলামের হরতালের কারণে রাজধানীর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রবিবার (২৮ মার্চ) সকালে চট্টগ্রামীমুখী বিরতিহীন সোনার বাংলা ট্রেনে হেফাজতের বিক্ষোভকারী হামলা চালিয়েছে। এসময় হরতালকারীরা ইট-পাটকেল ছুরে মারে। যাতে ট্রেনের বিভিন্ন জানালা-ইঞ্জিনের সামনের কাচ ভেঙে যাক্য। ট্রেনে থাকা যাত্রীরা এসময় আতঙ্কিত হয়ে পড়ে।

রেলওয়ে সূত্রে বলছে, সকালে রাজধানী ঢাকা থেকে সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। পথে ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন এলাকা অতিক্রম করার সময় হেফাজতে ইসলামের নেতাকর্মী ও তাদের সমর্থকরা ট্রেনটি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে ট্রেনটির ইঞ্জিন ও বগি ক্ষতিগ্রস্ত হয়। পরে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ট্রেনটি উল্টো পথে কিশোরগঞ্জের ভৈরবে নিয়ে যাওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার সোয়েব আহমেদ সাংবাদিকদের জানান, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ রেখেছেন। ফলে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়ে।

এদিকে, গত শুক্রবার (২৬ মার্চ) বিক্ষুব্ধ মাদরাসাছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তাণ্ডব চালান। এসময় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় কন্ট্রোল প্যানেল, টিকিট কাউন্টার, বুকিং কাউন্টারসহ অন্যান্য জায়গা। রেলস্টেশনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শনিবার বিকেল থেকে সব ধরনের ট্রেনযাত্রার বিরতি স্থগিত করে রেলওয়ে কর্তৃপক্ষ।