নিজস্ব প্রতিবেদকঃ করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী সাত দিনের লকডাউনের ঘোষণা দেশব্যাপী। তার প্রতিবাদে এরেই মধ্যে দেশে বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা আন্দোলনে নেমেছে। এবার মার্কেট খুলে দেওয়ার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ব্যবসায়ীরা। সোমবার (৫ এপ্রিল) দুপুর ১টায় মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইল মোড়ে হাজী আসহান উল্লাহ সুপার মার্কেটের সামনের সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।
এসময় তারা লকডাউন প্রত্যাহার ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। খবর পেয়ে পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।
ব্যবসায়ীরা বলছে, ‘লাখ লাখ টাকার মালামাল এনেছি। এভাবে মার্কেট বন্ধ থাকলে কীভাবে পাওনাদারদের টাকা পরিশোধ করবো, কীভাবে কর্মচারীদের বেতন দেব?’
ব্যবসায়ীরা বলছে, ‘আমরা কোনো লকডাউন চাই না। পবিত্র রমজান মাস ও ঈদ সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার দাবি জানাই।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘কয়েকজন লোক জড়ো হয়েছিল। পুলিশ এসে তাদের সরিয়ে দিয়েছে।’
উল্লেখ্য, দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সোমবার (৫ এপ্রিল) থেকে আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।


