রেজাউর রহমান, সম্পাদকীয়: ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যক্রম দীর্ঘদিন ধরে আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আসন্ন জাতীয় কাউন্সিলকে সামনে রেখে এই কমিটি পুনর্গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে নতুন নেতৃত্ব নিয়ে দলীয় মহলে নানা আলোচনা শুরু হয়েছে এবং কয়েকজন সম্ভাব্য নেতার নাম যাচাই-বাছাই করা হচ্ছে।
দলীয় একাধিক সূত্র জানায়, নতুন কমিটিতে তুলনামূলক তরুণ, পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং গ্রহণযোগ্য নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ত্যাগী ও রাজপথে সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
জানা গেছে, সাংগঠনিক কাঠামোকে আরও গতিশীল ও কার্যকর করতে বড় ধরনের পরিবর্তনের নির্দেশনা এসেছে। কেন্দ্রীয় কাউন্সিলের আগেই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হতে পারে।
সভাপতি পদে আলোচনায় যারা
দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে আলোচনায় রয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
এছাড়া আলোচনায় আছেন আনারুজ্জামান আনোয়ার, মামুন হাসান এবং শফিকুল ইসলাম মিল্টন।
সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা
বর্তমান সদস্য সচিব মোস্তফা জামান সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন।
এছাড়া যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদের নামও সামনে এসেছে।
বিএনপির একাধিক সূত্র বলছে, নতুন কমিটিতে অপেক্ষাকৃত তরুণ ও গ্রহণযোগ্য নেতাদের প্রাধান্য দেওয়া হবে। এছাড়া ত্যাগীদের মূল্যায়ন করা হবে। দীর্ঘদিন ধরে যারা রাজপথে লড়াকু সৈনিকের মতো বিভিন্ন মিছিল, মিটিংসহ রাজনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন, এমন নেতাকর্মীরা স্থান পাবে নতুন কমিটিতে।
প্রসঙ্গত, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী মহানগর উত্তর কমিটির মেয়াদ সাধারণত দুই বছর। তবে বিশেষ প্রয়োজনে আহ্বায়ক কমিটি গঠন বা পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করার ক্ষমতা দলীয় হাইকমান্ডের রয়েছে।
সবশেষ ২০২৪ সালের ৪ নভেম্বর আমিনুল হককে আহ্বায়ক এবং মোস্তফা জামানকে সদস্য সচিব করে বর্তমান আহ্বায়ক কমিটি গঠন করা হয়।


