শেখ অাবু মুছা,তালা,সাতক্ষীরাঃ তালার উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের উপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত গৌরাঙ্গ রায় (৪০) তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাদরা গ্রামের শ্রীকান্ত রায়ের পুত্র। শুক্রবার রাতে মাদরা এলাকার নিজ ঘেরের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, ২০১৯ সালের ৭ আগস্ট সাতক্ষীরা জেলা প্রশাসন নাগরিক সংলাপে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কে জলাবদ্ধতা নিরসনকল্পে সকল সরকারী জলাশয়ের নেট-পাটা অপসারণ করে জলাশয়গুলো উন্মুক্ত করার আদেশ দেন। সে মোতাবেক ৪ নভেম্বর তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন মাদরা ও বালিয়াদহ এলাকায় ইজারা বাতিল ঘোষিত খালগুলি উন্মুক্ত করার লক্ষ্যে নেটপাটা অপসারণের নেতৃত্ব দিচ্ছিলেন। দুপুর দেড়টার পর তিনি মাদরা বালিয়াদহের মধ্যবর্তী খোবরাখালী খালের পার্শ্ববর্তী এলাকার পানি নিষ্কাশনের জন্য নেট-পাটা অপসারণে অভিযান পরিচালানা করেন। এ সময় ইউএনও খাল হতে নেটপাতা অপসারণ করতে নির্দেশ প্রদান করলে স্থানীয় সমীর কুমার দাশের লোকজন উক্ত কাজে বাধা প্রদান করেন।
এক পর্যায়ে তারা ইউএনও ও তার সঙ্গীদের ঘিরে ধরে অতর্কিত হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। এ ঘটনায় ৬ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক মোঃ রোকনুজ্জামন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ পূর্বক ৯১ জনকে আসামীকে তালা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৪। মামলার তিন মাস অতিবাহিত হলেও ধরা ছোয়ার বাইরে ছিল হামলাকারী আসামীরা। সর্বশেষ শুক্রবার রাতে মামলার অন্যতম আসামী গৌরাঙ্গ রায়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে মামলার তদন্তকারী অফিসার তালা থানার এসআই প্রীতিশ রায়।
এসআই প্রীতিশ রায় বলেন, ৬ নভেম্বর থানায় মামলা হওয়ার পর থেকে গ্রাম ছাড়া ছিলো উক্ত মামলার সকল আসামী। টানা তিনটি মাস ধরে অভিযান অব্যাহত রাখা হয় উক্ত এলাকায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।


