তিনমাসের শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে ফ্রান্সের রেল শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক : ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের রেলশ্রম আইন সংস্কারের প্রতিবাদে তিনমাসের শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির রেল শ্রমিকরা। ইতিমধ্যে ফরাসি গণমাধ্যমে শ্রমিকদের আন্দোলন শুরুর এই দিনটিকে ‘ব্ল্যাক টিউয়েজ ডে’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ধর্মঘটের কারণে ঝামেলায় পড়তে হবে ফ্রান্সের প্রায় ৪৫ লাখ রেলযাত্রীকে। আর কর্মবিরতি পালন করবে রেল বিভাগের অর্ধেক কর্মী এবং ৭৫ শতাংশেরও বেশি গাড়ি চালক। আগামী তিন মাস প্রতি তিনদিন পর দুদিন করে এই কর্মবিরতি পালন করবে শ্রমিকরা।

মঙ্গলবার পাঁচটি আঞলিক ট্রেনের মধ্যে কেবল একটি এবং দ্রুতগতির টিজিভি ট্রেনের আটটির মধ্যে একটি চলাচল করেছে। কমিউটার ট্রেনগুলোও এই বিপর্যয়ের কবলে পড়েছে। আন্তর্জাতিক ট্রেনগুলো একরকম বন্ধই রয়েছে। ফ্রান্সের সঙ্গে সুইজারল্যান্ড, ইতালি ও স্পেনের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। তবে লন্ডনগামী ইউরোস্টার ট্রেনের চারটির মধ্যে তিনটি চলাচল করছে।

ঐতিহ্যগতভাবেই ফ্রান্সের রেলখাত সবচেয়ে স্পর্শকাতর রাজনৈতিক ইস্যু। প্রেসিডেন্ট ম্যাক্রন রেলশ্রমিকরা ধর্মঘটে যেতে পারে জানা সত্ত্বেও তিনি এই খাতে শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছেন। সরকারের দাবি, সরকারি রেলখাত এসএনসিএফের খাতে দেনার বিরাট বোঝা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নিয়ম মেনে একে আরো আধুনিক ও গতিশীল করা প্রয়োজন। বাজেট কাঁটছাঁটের জন্য সরকার নতুন আইনে রেল শ্রমিকদের বিশেষ নিয়োগ অধিকার ও বিশেষ অবসর ভাতা বাদ দিতে চাচ্ছে। এছাড়া এসএনসিএফকে কোম্পানিতে রুপান্তরও করতে চায় সরকার। কিন্তু সরকারের এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে শ্রমিকরা।