আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা দেশ ছেড়ে পালিয়েছেন। শুক্রবার সকালে তার বিরুদ্ধে চাল ভর্তুকির দুর্নীতির মামলার রায় ঘোষণার আগেই তিনি দেশ ছেড়েছেন বলে সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
ইংলাকের রাজনৈতিক দল পুয়ে থাই পার্টির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছেন, ব্যাংককে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার আগেই অপ্রত্যাশিতভাবে ইংলাক দেশ ত্যাগের সিদ্ধান্ত নেন।
তিনি বলেন,‘তিনি নিশ্চিতভাবে দেশত্যাগ করেছেন।’তবে তিনি কোথায় গেছেন তা জানাননি ওই ব্যক্তি।
থাই উপপ্রধানমন্ত্রী প্রাইউত ওংসুয়ান বলেছেন, ‘এটা সম্ভব যে তিনি ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।’
এর আগে সকালে ইংলাকের আইনজীবী আদালতকে জানিয়েছিলেন, সাবেক প্রধানমন্ত্রী মাথা ধরার কারণে অসুস্থ হয়ে পড়েছেন এবং এই কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারছেন না। একইসঙ্গে তিনি আদালতকে রায় ঘোষণার দিন পেছানোর অনুরোধ করেন।
তবে আদালত জানায়, ‘যেহেতু তিনি কোনো অসুস্থতাজনিত চিকিৎসা সনদ দাখিল করেননি, সেহেতু তার এই দাবি বিশ্বাসযোগ্য নয় এবং তিনি যে অসুস্থতার কথা বলেছেন, সেটি এতো প্রবল নয় যে তিনি আদালত পর্যন্ত আসতে পারবেন না।’
আদালত ইংলাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তার জামিন বাবদ যে ৯ লাখ মার্কিন ডলার জমা দেওয়া হয়েছিল তা বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে।
২০১৪ সালে মে মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইংলাক সিনাওয়াত্রা। সে সময় তার বিরুদ্ধে ভর্তুকির চাল নিয়ে জালিয়াতির অভিযোগ তোলা হয়। শুক্রবার এই মামলার রায় ঘোষণার দিন ছিল।


