দিল্লিতে কলেজছাত্রী নির্ভয়াকে গণধর্ষণের মামলায় ফাঁসির সাজা বহাল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে বাসে মেডিক্যাল কলেজছাত্রী নির্ভয়াকে গণধর্ষণের মামলায় ফাঁসির সাজা বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। সোমবার সুপ্রিম কোর্ট সাজা বহাল রাখার এই আদেশ দিয়েছে।

এই মামলায় আগেই চারজনকে ফাঁসির সাজা দিয়েছিল সুপ্রিম কোর্ট। সাজাপ্রাপ্ত চারজনের মধ্যে তিনজন একটি রিভিউ পিটিশনে ফাঁসির সাজা বদলে যাবজ্জীবন কারাদণ্ডের আর্জি জানায়। সেই আর্জি খারিজ করে সোমবার ফাঁসির সাজাই বজায় রাখল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দিপক মিশ্রের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ তাদের রায়ে বলেছেন, ‘আমাদের আদেশ রিভিউ করার মতো কোনো কিছু পাওয়া যায়নি।’

আদালতে রিভিউ পিটিশন দাখিলকারীরা হলো- মুকেশ (২৯) পাওয়ান (২২) ও বিনয় শর্মা (২৩)।

২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির রাস্তায় চলন্ত বাসের মধ্যে নির্ভয়াকে গণধর্ষণ করা হয়। নৃশংস এই ঘটনার বীভত্সতায় আঁতকে ওঠে গোটা ভারত। ১৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সারা ভারত প্রতিবাদে মুখর হয়।

২০১৪ সালে দিল্লি হাইকোর্ট ছয় আসামীর মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড দেয়। বাকী দুই অভিযুক্তের মধ্যে একজন ছিল নাবালক। ফলে তার তিন বছরের কারাদণ্ডের সাজা হয়। অপর এক অভিযুক্ত রাম সিংহ জেলেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।