দুঃস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল অনুদান প্রত্যাশীকে আবেদনের আহ্বান

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন দুস্থ মহিলা ও শিশুর সাহায্য তহবিল হতে সাহায্য পেতে আগামী ২০ মে তারিখের মধ্যে আবেদন করতে হবে। এ বিষয়ে দুঃস্থ মহিলা ও শিশুদের পক্ষ থেকে সাহায্যের জন্য আবেদন করার আহ্বান জানিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর।

সম্প্রতি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) শবনম শিরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘দুঃস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল’ হতে অসহায়, অসুস্থ, অনাথ, আর্থিক দুর্দশাগ্রস্থ, এসিড আক্রান্ত, মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষার জন্য এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মহিলা ও শিশুদের এককালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়। এ তহবিল হতে অনুদান প্রত্যাশী ব্যক্তিদের নিকট হতে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েব সাইট dwa.gov.bd-তে আবেদনপত্র ও শর্তাবলী পাওয়া যাবে। জেলায় বসবাসকারী সংশ্লিষ্ট জেলার উপপরিচালককে কার্যালয়/উপজেলায় বসবাসকারী সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকেও এতদসংক্রান্ত আবেদনপত্রের ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।

তহবিল হতে অনুদান প্রত্যাশী নিজে অথবা তার মনোনীত অভিভাবক আবেদনপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন।

এমতাবস্থায়, তহবিল হতে অনুদান প্রত্যাশীদের নির্ধারিত ফরম ও শর্তাবলী পুরণ করে সংশ্লিষ্ট জেলা/উপজেলা কার্যালয়ে আগামী ২০ মে’র মধ্যে আবেদন করতে হবে।

সংশ্লিষ্ট উপপরিচালক কার্যালয় থেকে কার্যবিবরণী, যাচাই বাছাইকৃত আবেদনপত্রসমূহ আগামী ১৫ জুনের মধ্যে উপকমিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকায় প্রেরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল জেলার উপপরিচালক সারা দেশের সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।

‘দুঃস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল’ থেকে সাধারণত অসহায়, অসুস্থ, অনাথ বা ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য, আইনগত সহায়তার জন্য বা এককালীন অনুদান হিসেবে ৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা বা তার বেশি আর্থিক সাহায্য দেওয়া হয়। তবে এই অনুদানের পরিমাণ নির্দিষ্ট আবেদনের ধরণ এবং কমিটির সুপারিশের ওপর নির্ভর করে।