দুর্নীতির মামলায় জুমাকে আদালতে হাজির হতে হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার ডারবান হাই কোর্টে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে হাজির হতে হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ১৯৯০ সালে উপরাষ্ট্রপতি থাকাকালে ফ্রান্সের সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের একটি অস্ত্র কেনার চুক্তির সময় জুমা দুর্নীতি করেছিলেন বলে অভিযোগ ওঠে। ওই মামলায় ২০০৫ সালে জুমার প্রাক্তন অর্থ উপদেষ্টা দোষী সাব্যস্ত হয়েছেন এবং কারাগারে রয়েছেন। ওই সময়কার দুর্নীতির বিষয়টি নতুন করে ওঠায় গত ফেব্রুয়ারিতে চাপের মুখে পদত্যাগে বাধ্য হন জুমা। ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পরপরই তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার ও প্রতারণাসহ ১৬টি অভিযোগ আনার কথা জানানো হয়।

জুমা অবশ্য বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি এগুলো রাজণৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

শুক্রবার আদালতে জুমার হাজিরার সময় তার হাজার হাজার সমর্থক রাস্তায় র‌্যালি করবে বলে জানিয়েছে। এ সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।