দেরিতে উদ্ধার হলে ফরহাদ মজহার ইস্যু নিয়ে রাজনীতি করতে পারত বিএনপি

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেরিতে উদ্ধার হলে ফরহাদ মজহার ইস্যু নিয়ে রাজনীতি করতে পারত বিএনপি। তাই বিএনপি নেতারা ফরহাদ মজহারকে দ্রুত উদ্ধারে নাখোশ।’

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে বর্তমান সরকারের অবদান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ‘ন্যাপ ভাসানী’।

হাছান মাহমুদ বলেন, ফরহাদ মজহার অপহরণ হওয়ার পর সরকারের নির্দেশনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সফল অভিযানের কারণে দ্রুত তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এতে বিএনপির নেতারা হতাশ হয়ে পড়েছেন। তারা আশা করেছিলেন যে, এটাকে ইস্যু বানিয়ে কয়েক দিন রাজনীতি করবেন। কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। বিএনপি প্রতিনিয়ত সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে।

হাছান মাহমুদ আরো বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে ফরহাদ মজহার অপহরণের সাথে বিএনপি জড়িত কিনা, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

জঙ্গিবাদ বিষয়ে বিএনপির ভূমিকার সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, যখন যেখানে জঙ্গিবিরোধী অভিযান হয়েছে, সেটা নিয়েই বিএনপি প্রশ্ন তুলেছে। হলি আর্টিজানে জঙ্গিরা নিহত হওয়ার পরেও তারা প্রশ্ন করেছে, কেন তাদের হত্যা করা হলো? যেখানে জঙ্গিদের বাবা-মা তাদের লাশ নিতে চায় না, সেখানে বিএনপি তাদের জন্য মায়াকান্না করে। এর কারণ, তারা জঙ্গিবাদের আশ্রয়, প্রশ্রয় এবং মদদদাতা।

ন্যাপ ভাসানীর সভাপতি এম এ ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, সুপ্রিম কোর্ট বারের সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী মো. সারোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।