নিউজ ডেস্কঃ ঐতিহ্যবাহী ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১২৫ বছর পূর্তির দুই দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিদ্যালয় মাঠে উৎসব উদ্বোধন করেন পেশাজীবী নাগরিক সংগঠক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে রিয়াজ হায়দার চৌধুরী দেশপ্রেমের চেতনায় শিক্ষার্থীদের জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেন, দলীয় বিভক্তির বাইরে গিয়ে দেশপ্রেমে জাগ্রত চৈতন্যের অধিকারী হতে পারা বড় গুণ।
রিয়াজ হায়দার চৌধুরী বলেন, সবার আগে দেশ। দেশের ঐতিহ্য ইতিহাস ধারণ করে আলোকিত দেশ, আলোকিত জীবন গঠন করতে পারাই শিক্ষার স্বার্থকতা।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আবুল কদরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক আ ক ম ফজলুল হক পাশা, চাকসু ভিপি নাজিম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক অমর নাথ চৌধুরী, রাজনীতিবিদ কাজী এনামুল হক, জনপ্রতিনিধি অ্যাডভোকেট মোহাম্মদ শামীম, অ্যাডভোকেট ইফতেখার চৌধুরী মহসিন, রাজনীতিবিদ মোরশেদ আলম চৌধুরী।
উপস্থিত ছিলেন চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আসগর চৌধুরী, সাবেক ছাত্র নেতা সৈয়দ মনজুর আলম, আইনজীবী সমিতির অর্থ সম্পাদক মইনুল আলম চৌধুরী টিপু, চবি আইন বিভাগের অধ্যাপক শাহীন, হাটহাজারী সরকারি কলেজের অধ্যাপক লিটন, চবি অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক আলী আরশাদ চৌধুরী, বাচিক শিল্পী বিশ্বজিৎ পাল প্রমুখ।


