আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয়বারের মতো ট্রাম্প প্রশাসন স্বীকার করল ইরান পরমাণু চুক্তি মেনে চলছে।
কিন্তু চুক্তির গতিশীলতায় বাধা দেওয়ার অভিযোগ এনে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।
২০১৫ সালে হওয়ায় পরমাণু চুক্তি ইরান মানছে কি না, তা জানতে চেয়ে সোমবার মধ্যরাত পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সময় বেঁধে দেয় কংগ্রেস। সময় শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে কংগ্রেসকে এ তথ্য জানানো হয়েছে।
সাংবাদিকদের উদ্দেশে ব্রিফিংয়ের সময় এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্রের হাতে আসা তথ্য থেকে দেখা যাচ্ছে, শর্ত পূরণ হচ্ছে।’
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করবেন। এই চুক্তিকে যেকোনো সময়ের তুলনায় ‘সবচেয়ে বাজে চুক্তি’ বলে অভিহিত করেছিলেন ট্রাম্প। তবে ট্রাম্প প্রশাসন চুক্তি বাতিল না করলেও তা সংস্কারে চুক্তির অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
কর্মকর্তারা আরো জানিয়েছেন, বিধ্বসংসী ক্ষেপণাস্ত্র বানানোর চেষ্টা করায় ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। ইরানের এক পদক্ষেপে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে বলে মনে করে যুক্তরাষ্ট্র।
মানবাধিকার হরণ ও সন্ত্রাসে সমর্থন দেওয়ার নিয়ে ইরানের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের। এ নিয়ে যুক্তরাষ্ট্র বহুবার উদ্বেগ প্রকাশ করেছে।
তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন


