হারারেতে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিজেদের উন্নতির জায়গাগুলো নিয়ে পৃথকভাবে কাজ করেছেন ব্যাটসম্যান আর বোলাররা।
আট বছর পর জিম্বাবুইয়ানদের ডেরায় বাঘের দল। কোভিডকালেও হারারেতে কোয়ারেন্টাইন জটিলতায় পড়তে হয়নি। রৌদ্রোজ্জ্বল দ্বিতীয় দিনেও ফুরফুরে মেজাজে অনুশীলন সেরেছে টাইগাররা।
নতুন স্পিন কোচ রঙ্গনা হেরাথ এদিনও মনোযোগী শিষ্যদের নিয়ে। নতুন ব্যাটিং গুরুও কাজ করেছেন তামিম-লিটনদের নিয়ে। পেসারদের নিয়েও হয়েছে নিবিড় পরিচর্যা। আগের থেকে নাকি এখন ফিটনেস নিয়ে আরও বেশি সচেতন দলের সব সদস্য। তাসকিনের চোখে অন্তত তাই মনে হয়েছে। তিনি বলেন, সবাই এখন ফিটনেস নিয়ে অনেক সচেতন এবং সবাই অতিরিক্ত কাজ করে।
টাইগাররা যখনই বিপাকে পড়েছে তখন ক্রিকেটের পুরনো বন্ধুদের ডেকে আত্মবিশ্বাস ফিরিয়েছে। পরিসংখ্যানে চোখ রাখলেই সেটা স্পষ্ট হয়ে ধরা দেয়। তবে স্বাগতিক জিম্বাবুয়েকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ দেখছেন না এই টাইগার পেসার।
২০১৪ সালে ডেব্যু হলেও জিম্বাবুয়ের মাটিতে এই প্রথম এসেছেন তাসকিন। তবে স্বাভাবিক সময়ের মতো শহরটা ঘুরে দেখার সুযোগ নেই। বায়োবাবলের ধকল সামলানোও বড় চ্যালেঞ্জ। তারপরও দেশের পতাকার মান বাঁচাতে এটুকু তো করাই যায় হাসিমুখে।


