সিপি. ইনভেস্টিগেশন এজেন্সি: রাজধানীর উত্তরা ৪৭ নম্বর ওয়ার্ডের ফায়দাবাদ এলাকায় প্রাইমারি স্কুল রোডে অবস্থিত ‘সূর্যমুখী’ নামের একটি ১০ তলা ভবনের মালিকানা ও জমি হস্তান্তর প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
জানা যায়, একটি আম-মোক্তারনামা দলিলের ভিত্তিতে মো. হারুন-আল-রশিদ ১৭ জন ক্রেতার কাছে মোট ১২ দশমিক ৫৬ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন। তবে এই দলিলের বৈধতা ও সত্যতা নিয়ে এখন গুরুতর সন্দেহ দেখা দিয়েছে।
তথ্য অনুযায়ী, হাসিনা আক্তার নামের একজন ব্যক্তি ২০ অক্টোবর ২০২০ তারিখে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কনসুলার কর্মকর্তা চৌধুরী সুলতানা পারভিনের সামনে স্বাক্ষর করে মো. হারুন-আল-রশিদকে আম-মোক্তারনামা প্রদান করেন। পরে ওই দলিলটি ০৫১৫/২০২০ নম্বর স্মারকে সত্যায়িত করা হয়।
পরবর্তীতে দলিলটি বাংলাদেশে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হলে, সহকারী সচিব (কনসুলার) মো. আতাউল হক ১০ নভেম্বর ২০২০ তারিখে ২৯৭৮/২০২০ নম্বর স্মারকে পুনরায় সত্যায়িত করেন।
এই আম-মোক্তারনামার ভিত্তিতেই মো. হারুন-আল-রশিদ প্রায় ১ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার টাকায় জমিটি বিক্রি করেন বলে জানা যায়। তবে ঘটনার পর নতুন করে সন্দেহ সৃষ্টি হয়েছে। কারণ, হারুন-আল-রশিদের নিকটাত্মীয় ও ভগ্নিপতি আসাদুজ্জামান সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডিকে জানিয়েছেন, হাসিনা আক্তার প্রায় ১৫ বছর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মারা গেছেন। এছাড়া দলিলে ব্যবহৃত ঠিকানাগুলোর সঠিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।
ঘটনাটি জনমনে সন্দেহ সৃষ্টি করায় সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির বার্তা বিভাগের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সহকারী সচিব এবং মহাপরিচালক (কনসুলার)-এর কাছে একাধিকবার লিখিতভাবে তথ্য চাওয়া হলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি।
এমনকি তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ করে সোনালী ব্যাংক উত্তরা শাখায় ট্রেজারি চালানের মাধ্যমে আবেদন করা হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে একইভাবে জেলা প্রশাসক, ঢাকা; মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স; চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন (দুদক); চেয়ারম্যান, রাজউক; জেলা সাব-রেজিস্ট্রার, ঢাকা; ভূমি অধিদপ্তর; ভূমি সংস্কার বোর্ড; এবং ডেসকোসহ একাধিক দপ্তরে অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ বা তথ্য প্রদান করা হয়নি।
ফলে পুরো ঘটনায় প্রশাসনিক নিষ্ক্রিয়তা ও স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।


