ধর্মগুরু গুরমিত সিং রাম রহিমের সাজা ঘোষণা করা হবে আজ

আন্তর্জাতিক ডেস্ক : ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত সিং রাম রহিমের সাজা ঘোষণা করা হবে আজ।

একে কেন্দ্র করে টানটান উত্তেজনা বিরাজ করছে হরিয়ানা ও পাঞ্জাব প্রদেশে। রাম রহিমের হাজারো ভক্ত-অনুসারী সহিংস প্রতিক্রিয়া দেখাতে পারে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগেভাগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার।

ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) বিশেষ আদালত রোতাকের কারাগারে আজ রাম রহিমের বিরুদ্ধে সাজা ঘোষণা করবেন। রোতাকের কারাগারে রাখা হয়েছে ধর্মগুরুকে। সাজা ঘোষণার জন্য রোতাকের কারাগারে বিশেষ ব্যবস্থায় আদালত বসানো হয়েছে। এখানে সিবিআইয়ের বিশেষ বিচারক জগদীপ সিং সাজা পড়ে শোনাবেন।

শুক্রবার ধর্ষণে দোষী প্রমাণিত হওয়ায় ওই দিন তাকে হেলিকপ্টারে রোতাক জেলে আনা হয়। আজ এই কারাগারে হেলিকপ্টারে আনা হবে বিচারককে, যিনি সাজা ঘোষণা করবেন।

সাজা ঘোষণার পর সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় হরিয়ানার পাঁচকুলা, চণ্ডিগড় ও মোহালিতে নিরাপত্তা কঠোর করা হয়েছে। রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ শহরগুলোতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। পাঞ্জাব রাজ্যের মালওয়ায়ও অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। মালওয়ায় রাম রহিমের শক্তিশালী ডেরা রয়েছে।

সাজা ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে রোতাকে ৯ হাজার পুলিশ ও আধসামরিক সেনা মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে।

রোতাকে রাম রহিমের শতাধিক ভক্তকে আটক করা হয়েছে। তাদের ১০ আশ্রম বন্ধ করে দেওয়া হয়েছে। রোতাকের ডেপুটি কমিশনার অতুল কুমার বলেছেন, ডেরার অনুসারীরা যদি জোর করে রোতাকের কারাগারের দিকে এগোয়, তাহলে তাদের রুখতে ওপেন ফায়ার করতে পারে পুলিশ।

এদিকে, সোমবারের কথা মাথায় রেখে পাঞ্জাব প্রশাসন ২৯ আগস্ট পর্যন্ত মোবাইলে ইন্টারনেট, এসএমএস বন্ধ রেখেছে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন