নিজস্ব প্রতিবেদকঃ ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকার দুই সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম।
রবিবার (১৪ জুন) গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন দুই মেয়র।
দক্ষিণ সিটির মেয়র তাপস শোক বার্তায় বলেন, ‘আজীবন মানুষের কল্যাণকামী এবং রাজনীতি অন্তঃপ্রাণ এই মহান ব্যক্তি ১৯৭৩ সালে সিভিল সার্ভিসে উত্তীর্ণ হয়ে তুলনামূলক একটি নিরাপদ জীবনধারণের সুযোগ পেলেও রাজনীতির বন্ধুর পথকেই মানবসেবার সর্বোত্তম পন্থা হিসেবেই বেছে নিয়েছিলেন। রাজনীতিকেই করেছিলেন ধ্যান-জ্ঞান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে আমৃত্যু ধারণ করে তিনি মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। তার মৃত্যুতে জাতির এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। তার জীবন ও কর্ম মানব কল্যাণের বাতিঘর হিসেবে মানুষের অন্তরে চিরভাস্বর হয়ে থাকবে।’
উত্তর সিটির মেয়র আতিকুল শোক বার্তায় বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আব্দুল্লাহ ছিলেন একজন ধর্ম পরায়ণ মানুষ। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সফল প্রতিমন্ত্রী, শিক্ষানুরাগী এবং বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। তাকে হারিয়ে আমরা শোকাহত।’


