নতুন দায়িত্বে মো. শাহজাহান

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটির সভাপতি হিসেবে মো. শাহজাহানের নাম প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।

নোয়াখালী-৪ আসন থেকে মো. শাহজাহান পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ষষ্ঠ জাতীয় সংসদে তিনি হুইপের দায়িত্ব পালন করেন। অষ্টম জাতীয় সংসদে খাদ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

চলতি জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গঠিত বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্বও পেয়েছিলেন মো. শাহজাহান।

ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের শুরু। ১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিন মেয়াদে নোয়াখালী জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

দলীয় রাজনীতিতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মো. শাহজাহান। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম মহাসচিব ছিলেন। এ ছাড়া বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া তাকে তৃণমূল সমন্বয়কের দায়িত্বও দিয়েছিলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে এখন থেকে মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতি ও বিভিন্ন কর্মসূচির সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন মো. শাহজাহান।